আপডেট নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দাপ্তরিক সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে বাহিনীর নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম Ansar and VDP CRM and Ticketing System (AVCRM)।
নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের দাপ্তরিক ও প্রশাসনিক সেবা নিতে মাঠপর্যায়ের সদস্যদের আর দূর-দূরান্ত থেকে আনসার-ভিডিপি সদরদপ্তরে ছুটে আসতে হবে না। ঘরে বসেই অনলাইনে কাঙ্ক্ষিত সেবার জন্য আবেদন ও অভিযোগ জানানো যাবে।
এতদিন যে ভোগান্তি পোহাতে হতো
এতদিন বিভিন্ন প্রশাসনিক বা দাপ্তরিক সেবা নিতে মাঠপর্যায়ের সদস্যদের, বিশেষ করে অঙ্গীভূত আনসার সদস্যদের, বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আনসার-ভিডিপি সদরদপ্তরের তথ্যসেবা কেন্দ্রে আসতে হতো।
এর মধ্যে ‘ফ্রিজ থেকে আনফ্রিজ’, ‘ব্লক থেকে আনব্লক’, বিভিন্ন তথ্য ও কাগজপত্র সংশোধনসহ নানা ধরনের সমস্যার সমাধানের জন্য অনেক সদস্যকে দূর-দূরান্ত থেকে সদরদপ্তরে আসতে হতো।
অনেক ক্ষেত্রে তথ্যসেবা কেন্দ্রে ২০০ টাকা সেবা ফি দিয়ে আবেদন করার পর কাজের অগ্রগতি জানতে কিংবা কোনো কারণে সমস্যা সমাধান না হলে পুনরায় সদরদপ্তরে এসে আবেদন করতে হতো। এতে সদস্যদের সময়, অর্থ ও শ্রম ব্যয়ের পাশাপাশি বাড়তি ভোগান্তির সৃষ্টি হতো।
২০০ টাকার সেবা চার্জ থাকছে না
সদস্যদের এই ভোগান্তি কমিয়ে প্রশাসনিক সেবা হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে AVCRM।
নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সদস্যরা ঘরে বসেই বিভিন্ন প্রশাসনিক সেবার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি অভিযোগ ও বিভিন্ন সমস্যা সরাসরি অনলাইনে জানানো যাবে।
এই ডিজিটাল ব্যবস্থাপনা চালু হলে অঙ্গীভূত আনসার সদস্যদের সেবাকেন্দ্রের জন্য নির্ধারিত বিদ্যমান ২০০ টাকার সেবা চার্জ আর থাকছে না বলে জানানো হয়েছে।
যেভাবে কাজ করবে AVCRM
বাহিনীর সদস্যরা crm.ansarvdp.gov.bd পোর্টালে গিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করবেন।
এরপর প্রয়োজনীয় সেবা নির্বাচন করে সংশ্লিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত নামমাত্র ফি অনলাইনে পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে।
ফি পরিশোধের জন্য থাকবে সহজ ডিজিটাল পেমেন্ট সুবিধা। বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে প্রযোজ্য ফি পরিশোধ করা যাবে।
আবেদন ও পেমেন্ট সম্পন্ন হলে স্ক্রিনে একটি নিশ্চিতকরণ বার্তা দেখা যাবে।
আবেদনের অগ্রগতি জানা যাবে অনলাইনেই
আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তা অনলাইনে আবেদনটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন।
সেবা প্রদান বা সমস্যার সমাধান হয়ে গেলে সংশ্লিষ্ট টিকিটের স্ট্যাটাস ‘Resolved’ বা ‘সমাধান হয়েছে’ হিসেবে আপডেট করা হবে।
একই সঙ্গে আবেদনকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে সেবা সম্পন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা
AVCRM চালু হলে মাঠপর্যায়ের সদস্যদের প্রশাসনিক সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দূরবর্তী এলাকার সদস্যদের সদরদপ্তরে এসে আবেদন করার প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসবে।
ডিজিটাল টিকিটিং ব্যবস্থার মাধ্যমে আবেদন গ্রহণ, যাচাই, অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবা সম্পন্ন হওয়ার তথ্য এক প্ল্যাটফর্মে পরিচালিত হওয়ায় সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি জবাবদিহিতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
🔗 পোর্টাল: crm.ansarvdp.gov.bd
বিস্তারিত পড়ুন আপডেট নিউজে।


No comments:
Post a Comment