সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন


 আপডেট নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

সীমান্ত নিরাপত্তা জোরদার ও আভিযানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির সীমান্তবর্তী রহমতপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) নবনির্মিত রহমতপুর বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

উদ্বোধনকালে বিজিবি মহাপরিচালক বলেন, ফেনী নদীর অববাহিকা ও পার্বত্য ভূপ্রকৃতির কারণে রহমতপুর সীমান্ত এলাকা ভৌগোলিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বিওপি স্থাপনের ফলে এ এলাকায় বিজিবির স্থায়ী উপস্থিতি ও নজরদারি আরও জোরদার হবে। একই সঙ্গে ফেনী নদীপথ ও দুর্গম পাহাড়ি এলাকায় টহল বৃদ্ধি, চোরাচালানের সম্ভাব্য রুট নিয়ন্ত্রণ এবং মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির সক্ষমতা বাড়বে।

বিজিবি সূত্র জানায়, রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন রামগড়, চট্টগ্রামের উত্তর ফটিকছড়ি ও মীরসরাই উপজেলার সীমান্ত এলাকায় আগে ১২টি বিওপি ক্যাম্প ছিল। রহমতপুর বিওপি চালুর মধ্য দিয়ে এ সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ অক্টোবর মীরসরাইয়ের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় ছোট ফরিংগা বিওপি চালু করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম জানান, ফটিকছড়ি সীমান্তের পানুয়া ও কয়লামুখ বিওপির মধ্যবর্তী প্রায় সাত কিলোমিটার এলাকা পাহাড় ও বনভূমিতে ঘেরা দুর্গম হওয়ায় সেখানে নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনা কঠিন ছিল। রহমতপুর বিওপি স্থাপনের ফলে ওই বিস্তীর্ণ সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও কার্যকর হবে। পাশাপাশি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তাও বাড়বে।

রহমতপুর বিওপি উদ্বোধনের পর বিজিবি মহাপরিচালক খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম বিজিবি রিজিয়নের আওতাধীন বিভিন্ন সেক্টর, ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্পে দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরে তিনি মাটিরাঙ্গার জামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)-এর অধীন বগাপাড়া বিওপি এবং রাঙ্গামাটি সেক্টরের রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সীমান্ত পরিস্থিতি ও তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

বিজিবি মহাপরিচালক বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলসহ দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও অস্ত্রসহ অবৈধ পণ্যের চোরাচালান, অবৈধ সার মজুদ ও পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নভেম্বর মাস থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক।

আপডেট নিউজ নিরপেক্ষ, তথ্যভিত্তিক ও যাচাইকৃত সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

No comments:

Post a Comment

 

চাকরির খবর + চাকরির প্রস্তুতির জন্য সাম্প্রতিক পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে আমাদের সাথে থাকুন।