আপডেট নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা, ৩১ আগস্ট ২০২৬: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এ কর্মরত সদস্যদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের ওপর আয়োজিত ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বর্তমানে এনালগ থেকে ডিজিটাল যাত্রার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমকে সময়োপযোগী, গতিশীল ও কার্যকর করতে এই ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষণ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ডিজিটাল কনটেন্ট ও আধুনিক প্রশিক্ষণ উপকরণের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তি ও উপস্থাপনা পদ্ধতির মাধ্যমে প্রশিক্ষণকে আরও সহজ, আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তোলা সম্ভব।
মহাপরিচালক বাহিনীর অপারেশনাল কার্যক্রম, জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও প্রতিরোধমূলক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রম জনগণের কাছে কার্যকর ও ইতিবাচকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বাহিনীর সাফল্য ও মানবিক উদ্যোগগুলোকে গুরুত্ব দিয়ে মানসম্মত, তথ্যনির্ভর ও সময়োপযোগী কনটেন্ট তৈরি করতে হবে। পাশাপাশি গণমাধ্যম ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে এসব কার্যক্রম যথাযথভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে।
কনটেন্টকে আরও গ্রহণযোগ্য, আকর্ষণীয় ও তথ্যবহুল করে উপস্থাপনের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে মহাপরিচালক বাহিনীর মিডিয়া কার্যক্রমে AI-এর দায়িত্বশীল, সৃজনশীল ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ আনসার ও ভিডিপির মিডিয়া সেলের রেঞ্জভিত্তিক প্রতিনিধিসহ মোট ৪২ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে Cloud Connect ও Learning Bangladesh সহযোগিতা করে। মহাপরিচালক প্রতিষ্ঠান দুটির ইনস্ট্রাক্টর টিমের আন্তরিকতা, দক্ষতা ও প্রশিক্ষণ পরিচালনায় অবদানের প্রশংসা করেন।
প্রশিক্ষণের মাধ্যমে মিডিয়া সেলের সদস্যদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আধুনিক প্রযুক্তি, ডিজিটাল কনটেন্ট প্রস্তুত ও উপস্থাপনার দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। এর ফলে বাহিনীর বিভিন্ন কার্যক্রম ও জনকল্যাণমূলক বার্তা আরও দ্রুত, আকর্ষণীয় ও কার্যকরভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আনসার-ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
UPDATED NEWS — নির্ভরযোগ্য ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।



No comments:
Post a Comment